সমকালের প্রতিবেদন অনুযায়ী, কিশোরগঞ্জ ও মহাখালী বাস টার্মিনাল মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-ঢাকা রুটে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি বাসের ধর্মঘট চলছে। এতে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়া চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ইত্তেফাক ও চ্যানেল আই জানায়, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি রোববার সকাল থেকে এই রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। তবে আজকের পত্রিকা-র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাস নামানো নিয়ে বিরোধের জেরে শনিবার দুপুর থেকেই বাস চলাচল বন্ধ রাখা হয়।
সমকাল জানায়, ধর্মঘটের সুযোগে 'অনন্যা সুপার' নামের একটি কোম্পানির বাস গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১০০ টাকা বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন করছে। মহাখালী পর্যন্ত স্বাভাবিক ভাড়া ৩৮০ টাকা হলেও গাজীপুর পর্যন্ত নেওয়া হচ্ছে ৪০০ টাকা। বাড়তি ভাড়া ও ভেঙে ভেঙে যাতায়াতের ঝামেলা এড়াতে অনেক যাত্রী বাস টার্মিনাল ছেড়ে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনে ঢাকা রওনা দিচ্ছেন।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল সমকালকে জানান, কিশোরগঞ্জের বাসের মান ভালো হলেও মহাখালীর মালিকরা নিম্নমানের বাস চালাতে চান। সমঝোতা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলবে। অন্যদিকে আজকের পত্রিকা-কে গাইটাল বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ বলেন, অনন্যা পরিবহনের নতুন চারটি বাস যুক্ত করার আলোচনার মধ্যে ঢাকা থেকে সিদ্ধান্ত ছাড়াই দুটি বাস চালু করায় এ বিরোধ সৃষ্টি হয়।
কিশোরগঞ্জের ট্রাফিক পরিদর্শক মো. জহির সমকালকে জানান, বাস ধর্মঘটের বিষয়ে মালিক সমিতি পুলিশকে আগে থেকে কিছু জানায়নি বা কোনো আলোচনায়ও যুক্ত করেনি। পরে মালিক সমিতির নেতৃত্বের সাথে কথা বলে তিনি ধর্মঘটের বিষয়টি জানতে পেরেছেন।







