কক্সবাজার সদরে চলন্ত গাড়ি থামিয়ে মাহমুদুল হক (৪৫) নামে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চ্যানেল ২৪। শুক্রবার (৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চ্যানেল ২৪ ও প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মাহমুদুল হক কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংক রোডের বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজার পৌর শহর এলাকায় সপরিবারে বসবাস করেন। শুক্রবার তিনি নিজের গাড়িতে করে রামু যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে একাধিক গুলি চালায়। তবে বাংলা ট্রিবিউন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এবং গাড়িটি ছিল একটি মাইক্রোবাস।
ঘটনার সময় নিয়ে গণমাধ্যমগুলোর তথ্যে ভিন্নতা রয়েছে। চ্যানেল ২৪, প্রথম আলো ও দেশ রূপান্তর জানায় ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে। অন্যদিকে বাংলা ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানায়, বিকেল ৩টার দিকে এই হামলা চালানো হয়।
প্রথম আলোর প্রাপ্ত তথ্যমতে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর ভাই জসিম উদ্দিন অভিযোগ করেছেন যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর তিন ভাই এবং তাদের সহযোগীরা এই হামলা চালিয়েছেন। অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। বিএনপি নেতা লিয়াকত আলী আদালতের একটি মামলার ঘটনায় বর্তমানে কারাগারে রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।







