হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমকালের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর এবং নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের অধিবাসীদের মধ্যে এই সংঘর্ষ চলে।

আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিতাইরচক গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রথমে জয়রামপুর ও নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্নতা রয়েছে। সমকাল, ঢাকা ট্রিবিউন বাংলা, চ্যানেল ২৪ ও আলোকিত বাংলাদেশ জানিয়েছে, দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে আজকের পত্রিকা জানায়, সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঢাকা ট্রিবিউন বাংলার মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে।