প্রথম আলো-র খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে জানিয়েছেন, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা ছোড়া হয়েছে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমা ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়, পরে সেটি নালায় ফেলে দেন কর্মচারীরা।

ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ওসি মোজাম্মেল হক আরও বলেন, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল বা গাড়িতে করে পেট্রলবোমাগুলো ছোড়া হয়ে থাকতে পারে। বর্তমানে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।