ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১১টার পরে দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটান এবং পরে পালিয়ে যায়। তবে এই বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকার জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। যার একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।
১৪ অক্টোবরের ঘটনায় মো শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তার শরীরে স্প্লিন্টার আঘাত করে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।







