আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর বাবার নাম মৃত আলী আকবর তালুকদার এবং বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাঁদের একজন ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। তিনি জানান, আজ সকাল ৭টার পর নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এসআই জাহাঙ্গীর আলমের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, চ্যানেল আই-এর প্রতিবেদনে নিহতের নাম উল্লেখ করা হয়েছে জাহাঙ্গীর হোসেন তালুকদার এবং ঘটনার সময় সকাল সাড়ে ৭টা। অন্যদিকে, আজকের পত্রিকা ও বাংলা ট্রিবিউন-এর প্রতিবেদনে তাঁর নাম উল্লেখ করা হয়েছে জাহাঙ্গীর আলম এবং ঘটনার সময় সকাল ৭টা ২০ মিনিট।







