প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহাংগীর আলম ২৮তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দিয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে প্রথম আলো জানায়, গত ৮ নভেম্বর পুলিশ সুপার জাহাংগীর আলমের ব্যক্তিগত মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠানো হয়। বার্তায় আগামী ডিসেম্বরের মধ্যে আগের সরকার পুনর্বাসিত হওয়ার বিষয়সহ সরকারবিরোধী ষড়যন্ত্রের তথ্য ছিল। ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী প্রথম আলোকে জানান, নির্ভরযোগ্য সূত্রের তথ্যে জাহাংগীরের মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করার পর এসব বার্তার সত্যতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও চলছে।

তবে আদালত চত্বরে জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আক্তার দাবি করেন, তাঁর স্বামীর মুঠোফোন হ্যাক করে এসব বার্তা পাঠানো হয়েছিল। তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তাঁকে ষোড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।