জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দেশের নগরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে বলে একটি মাঠ জরিপে দেখা গেছে। আজকের পত্রিকা অনুযায়ী, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের আয়োজনে গত মঙ্গলবার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে 'জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে নগরের শিশুস্বাস্থ্য: সংকট ও সমস্যা সমাধানে করণীয়' শীর্ষক উপস্থাপনা ও নাগরিক সংলাপে এ তথ্য প্রকাশ করা হয়।
জরিপটি ঢাকা মহানগরের মিরপুর ৬, হাজারীবাগ, বৌবাজার, বড়াইখালী, বোটঘাট বস্তি; রাজশাহী সিটির নমোভদ্র বস্তি ও বুধপাড়া বস্তি এবং সাতক্ষীরা পৌরসভার রহমতপুর কলোনি ও বদ্দিপুর কলোনিতে নিম্ন আয়ের পরিবারের মাঝে করা হয়েছিল। সংস্থার চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী মূল প্রবন্ধটি উপস্থাপন করেন।
জরিপের ফলাফল অনুযায়ী, ৬৯ শতাংশ পরিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ১৮ শতাংশ পরিবার চর্মরোগ, ১০ শতাংশ পানিবাহিত রোগ এবং ৩.৫ শতাংশ শ্বাসতন্ত্রের রোগে ভোগার কথা জানিয়েছে। জলবায়ুজনিত চাপের মধ্যে ৫১.৮৭ শতাংশ পরিবার তাপপ্রবাহকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। ৩০.৪৮ শতাংশ জলাবদ্ধতা, ১৭.১১ শতাংশ নদীভাঙন এবং ০.৫৩ শতাংশ লবণাক্ততার কথা উল্লেখ করেছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রধান অতিথি হিসেবে বলেন, নগরায়ণ, স্বাস্থ্যব্যবস্থা ও জলবায়ু পরিবর্তন পরস্পর সংশ্লিষ্ট। শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে দ্রুত বাস্তবভিত্তিক ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বায়ু দুষণের কারণে শিশুদের নিউমোনিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে প্রাথমিক থেকে তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা বলদান করার আহ্বান জানান।






