চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণসহ আটজনকে আটক করার ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল প্রশাসন। আজকের পত্রিকা অনুযায়ী, ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে চারজন ওই হলের আবাসিক শিক্ষার্থী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজুল ইসলাম, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইয়াজ নূর সাইমুন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাওন খান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মো. মাহবুবুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার পর হল প্রশাসনের সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হয়। হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধাসহ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা আর পাবেন না। ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের হলের কক্ষ ত্যাগ করে কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে।







