দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানা গেছে। সম্ভাব্য এই ঝড় ভারতের ওডিশা রাজ্যে আঘাত হানতে পারে, তবে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ছয়টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে ‘আকভান’। ইরানের দেওয়া এই নামের অর্থ শক্তিশালী। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিঞা প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী মঙ্গলবার থেকে বাংলাদেশে প্রভাব পড়তে পারে এবং বুধবার দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।





