দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও উপজেলায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি ল্যাবগুলোতে অদক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে মনগড়া রোগ নির্ণয় রিপোর্ট দেওয়া হচ্ছে। এই প্রতারণার সবচেয়ে বড় শিকার হচ্ছেন উপজেলার অসহায় ও স্বল্পশিক্ষিত গর্ভবতী নারীরা। ভুল আল্ট্রাসনোগ্রাম, রক্তের গ্রুপ ও হিমোগ্লোবিন রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা নেওয়ায় প্রসূতি ও নবজাতকের জীবন চরম মৃত্যুঝুঁকিতে পড়ছে।
প্রতারণার কৌশল ও ভুক্তভোগীদের অভিযোগ
সরেজমিনে টেকনাফ পৌরসভা, হ্নীলা, হোয়াইক্যং, শামলাপুর এবং বাহারছড়ার বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ঘুরে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে একটি দালাল চক্র সক্রিয়। তারা গর্ভবতী নারীদের দ্রুত ও নির্ভুল পরীক্ষার প্রলোভন দেখিয়ে এসব নামসর্বস্ব ল্যাবে ভাগিয়ে নেয়।
অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের অধিকাংশ বেসরকারি ল্যাবে কোনো সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক বা নিবন্ধিত প্যাথলজিস্ট নেই। ল্যাবের সাধারণ কর্মচারীরাই যন্ত্রপাতি পরিচালনা করেন। অনেক ক্ষেত্রে নমুনা পরীক্ষা না করেই আগে থেকে তৈরি ফরম্যাটে নাম বসিয়ে এবং চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়। ফলে একই রোগীর রক্তের গ্রুপ বা শারীরিক অবস্থার রিপোর্ট একেক ল্যাবে একেক রকম আসছে।
টেকনাফের শাহপরীর দ্বীপের রাবেয়া বেগম বলেন, গর্ভাবস্থার ৯ মাসে টেকনাফ পৌরসভার বাস স্টেশনে মেডিকো নামে একটি ল্যাবে আল্ট্রাসনোগ্রাম করাই। রিপোর্টে বলা হয় সন্তানের ওজন চার কেজির ওপরে ও পানির পরিমাণ অস্বাভাবিক। ভয় পেয়ে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার পুনরায় পরীক্ষা দিয়ে সব কিছু ঠিক আছে বলেছে। তিনি টেকনাফের ওই ভুয়া রিপোর্টের কারণে মায়ের মৃত্যু হচ্ছে বলে উল্লেখ করে সরকারকে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. আয়ুব আলী জানান, স্ত্রীর প্রসবকালীন জটিলতার জন্য হ্নীলার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ পরীক্ষা করাই। তারা রিপোর্টে ভুল গ্রুপ উল্লেখ করে। পরে প্রসবের সময় জরুরি ভিত্তিতে রক্ত দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানান।
চিকিৎসক ও প্রশাসনের অবস্থান
ভুল ডায়াগনস্টিক রিপোর্টের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাম, রক্তের গ্রুপ ও হিমোগ্লোবিন রিপোর্ট অত্যন্ত সংবেদনশীল। ভুয়া রিপোর্টের কারণে চিকিৎসকরা সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হন, যা প্রসূতির খিঁচুনি, অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভপাত এমনকি মাতৃমৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রেজাউল হাসান বলেন, লাইসেন্সবিহীন ও মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা চালানো এবং ভুয়া রিপোর্ট দেওয়া একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের টেকনাফের লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন এবং বৈধ কাগজপত্র, পরিবেশ ছাড়পত্র ও দক্ষ জনবল না থাকলে প্রতিষ্ঠান সিলগালা করার হুঁশিয়ারি দেন। স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা অবৈধ ল্যাবগুলো স্থায়ীভাবে সিলগালা এবং হাসপাতালের ভেতরে ও বাইরে সক্রিয় দালাল চক্রকে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।







