দেশ রূপান্তর-এর খবর অনুযায়ী, কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন টেকনাফ উপজেলার সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন— আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তারা ছয়জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। রাত ১টার দিকে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন এবং অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে, তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, আহত অবস্থায় এক জেলেকে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অন্য পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।







