চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা টাইমস ও সারাবাংলা নিউজের খবর অনুযায়ী, আটক করা হয় গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে। ঢাকা টাইমস জানিয়েছে, আটকের সময় ছিল রাত ৯টার দিকে, অন্যদিকে সারাবাংলা নিউজের তথ্যমতে, আটকের সময় ছিল রাত ৯টা ১১ মিনিট।
ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খান ঢাকা টাইমসকে আটকের তথ্য নিশ্চিত করেন। ইনকিলাব নিউজের প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়ার পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। ইনকিলাব নিউজের তথ্যমতে, তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।






