ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হওয়া শনিবারের বিক্ষোভে ১ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিএসএস/এএফপির প্রতিবেদন অনুযায়ী, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আহত হয়েছেন ৫৩ জন পুলিশ সদস্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শনিবারের বিক্ষোভ চলাকালে পুলিশ ৭৫টি অগ্নিকাণ্ডের তথ্য পেয়েছে এবং অন্তত ২৪টি দোকানে লুটপাট হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষ থেমে যাওয়ার পর শনিবারের রাতের অবস্থা ছিল শান্ত।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ শনিবার গভীর রাতে দুজন বিক্ষোভকারী গুরুতর আহতের কথা উল্লেখ করেছেন। তুলুজে ২০ বছর বয়সী এক তরুণের হাতে গুরুতর আঘাতের খবর পাওয়া গেছে। এক স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীর দাবি, বিস্ফোরণে ওই তরুণের ডান হাতের বেশ কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্লেহমোঁ-ফেহাঁ শহরেও এক ব্যক্তির হাতে আঘাতের খবর পাওয়া গেছে, তবে আঙুল হারানোর ঘটনা ঘটেনি।

আঞ্চলিক দৈনিক লা নুভেল রিপাবলিক পোয়াতিয়ে শহরে ১৯ বছর বয়সী এক ব্যক্তির চোখে আঘাত পাওয়ার ছবি প্রকাশ করেছে। দাঙ্গা পুলিশ স্টান গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে অভিযান চালানোর সময় তিনি আহত হন। সাম্প্রতিক বিক্ষোভগুলোতে পুলিশের স্টান গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি ঘটনায় তারা তদন্ত শুরু করেছেন।