বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির পোস্টে উল্লেখ করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা প্রত্যাহারের কারণে খাতটি কঠিন সময় পার করছে। একই সাথে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা খরচের কারণে এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।
তিনি বলেন, শিল্পটি টিকিয়ে রাখতে হলে সরকারকে বিদ্যমান সমস্যাগুলো দূর করার জন্য দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।’ তাই শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—উভয়কে বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও দায়িত্ববোধের আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে এবং এখানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।







