জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ইতিবাচক সুযোগ হিসেবে দেখছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। তাই বাংলাদেশকে আগামী তিন বছরে ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে।
রোববার ঢাকার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘের সিদ্ধান্ত ও আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারের বিভিন্ন পরিকল্পনার মধ্যে সমন্বয় থাকা জরুরি। এলডিসি উত্তরণের মালিকানা পুরো সরকার ও দেশের। জাতীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেসরকারি খাত, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী গোষ্ঠী, দেশীয় বিশেষজ্ঞ সমাজ ও গণমাধ্যমকে সম্পৃক্ত করতে হবে। অতীতে আমরা পরিকল্পনা প্রণয়ন ও কথা বলার ক্ষেত্রে যতটা পারদর্শিতা দেখিয়েছি, বাস্তবায়নে ততটা সফল হতে পারিনি। এ ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়।







