কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি নৌকাকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি জব্দ করতে সক্ষম হয়।
তল্লাশি চালিয়ে জব্দ করা নৌকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে জড়িত নয়জনকে আটক করা হয়। জব্দ করা সার, পাচার কাজে ব্যবহৃত নৌকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানিয়েছেন।






