প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করেছে। এ বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসীদের মৃত্যু হলে মরদেহ আনার খরচের ৫০ শতাংশ বহন করা হবে।
এছাড়াও তিনি বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠানোর অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।
সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে বলেও তিনি বলেন। এ ছাড়া প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার কথাও তুলে ধরেছেন তিনি।
সূত্র: চ্যানেল ২৪







