দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। বাসস জানায়, এই পরিকল্পনার আওতায় প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) কারিগরি ত্রুটির কারণে শূন্য পদের সঠিক হিসাব মেলেনি। ফলে প্রকৃত শূন্য পদের সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে নতুন করে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত চাহিদা ঠিক করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অন্যান্য পদসহ প্রায় ১০ হাজার পদের একটি সমন্বিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, হিসাব সহকারী ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে পারে। পাশাপাশি জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে কয়েকটি জেলায় আদালতের মামলা বিচারাধীন থাকায় প্রক্রিয়াটি শেষ হতে কিছু সময় লাগছে।

সরকারি এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপে অধ্যাপক রুমি জানান, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, পিএসসি, জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটির অধীনে লিখিত ও মৌখিক পরীক্ষা পিএসসির মানদণ্ড মেনে অনুষ্ঠিত হবে।