ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এই আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও দলের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশে সমবেত হন। তখন পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয় এবং পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং দুষ্কৃতকারীদের অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন বলে ডিবির আবেদনের বরাতে জানিয়েছে বাংলা ট্রিবিউন।
অন্যদিকে একাত্তর টিভি জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) অভিযান চালিয়ে সাবেক এমপি আতাউল হক দোলনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে।







