রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চ্যানেল ২৪।
ঢাকা টাইমস ও দেশ রূপান্তরের প্রতিবেদনে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেনের বরাতে বলা হয়, শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে থেমে থেমে গোলাগুলি চলে। সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। ইত্তেফাক জানায়, শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এ বন্দুকযুদ্ধের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ঢাকা টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।







