সমকালের প্রতিবেদনে জানানো হয়েছে, মাদারীপুরের কালকিনি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ (ইউএইচএফপিও) কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে পাননি। কর্মকর্তা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় মন্ত্রী বেশ কিছুক্ষণ হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করেন বলে সমকাল, চ্যানেল ২৪ ও বার্তা২৪-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার কারণে হাসপাতালে কর্মরত দুই নার্সকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে দেরিতে কর্মস্থলে আসা ইউএইচএফপিও এবং অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিধিমোতাবেক বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে সমকালকে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের অর্থ লুটপাট ও পাচারের ফলে স্বাস্থ্য খাতে জনবল, টিকা ও ওষুধের সংকট তৈরি হয়েছিল। পরিস্থিতি উত্তরণে দুর্নীতি রোধ, বাজেটের সঠিক ব্যবহার এবং আউটসোর্সিং ব্যবস্থা আরও কার্যকর করার পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

মন্ত্রী আরও ঘোষণা দেন, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক তৈরির অনুমোদন দেওয়া হবে না। দালাল চক্র প্রতিরোধে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কালকিনি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ২৫০ শয্যাবিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে যান, যেখানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহী উপস্থিত ছিলেন।