২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক থাকা দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আদালতে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। ঢাকা পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ঢাকা পোস্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন—সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। সকালে গ্রেপ্তার থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার কারণে ফারুক খানকে আনা হয়নি।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তল্লাশি চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সন্ধান পায়নি। এ জন্য নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ৫ নভেম্বর ট্রাইব্যুনাল আমলে নেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে নীতিনির্ধারণী পর্যায়ে এই নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাদের বিরুদ্ধে 'সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি'র অভিযোগ আনা হয়েছে।