রাজধানীর পূর্বাচলে পুলিশ হাউজিংয়ের একটি প্লটে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮৫ জনকে গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়ার ঘটনায় ১০১ জন নাগরিকের দেওয়া বিবৃতির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন স্থানে মাদক সেবন করে সেটিকে সংবিধান পরিপন্থি বলে দাবি করা যুক্তিযুক্ত নয়। স্বাধীনতা থাকলেও সবাইকে দেশের আইন, সংবিধান ও নৈতিকতা বজায় রেখে চলতে হবে। পুলিশে জবাবদিহি রয়েছে উল্লেখ করে আইজিপি জানান, অপকর্মের অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়, গত রবিবার ১০১ জন নাগরিক এক যৌথ বিবৃতিতে পূর্বাচলের অভিযানে গ্রেফতারকৃতদের ওপর খর্ব হওয়া আইনগত অধিকার, বিচারপ্রক্রিয়া ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তসহ সংবাদমাধ্যমে পরিচয় প্রকাশের তীব্র প্রতিবাদ জানান।







