ইত্তেফাক-এর খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যেতে পারেন। তবে সরকার এমন অপতত্পরতা প্রতিহত করবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা আমরা বিশ্বাস করি না।

মজুরি বোর্ড গঠন

গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পোশাক শ্রমিকদের মজুরি বিষয়েও মন্তব্য করেন। তিনি জানান, সাধারণত পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণ করা হয়। ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।

সহিংসতার অভিযোগ

শ্রমিকদের আন্দোলনের মধ্যে সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু মানুষের সহিংস আচরণ প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। এছাড়াও আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও তাদের কাছে থাকা অর্থ ব্যবহার করে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।