নেত্রকোণার মদন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় চ্যানেল ২৪।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি একটি চোখ হারিয়েছিলেন বলে অন্য সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।

চ্যানেল ২৪ এবং ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে চলা মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক নিহত হন। তবে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দিলে বাকি টাকা ফেরত পাওয়া নিয়ে বাকবিতণ্ডা তৈরি হয় এবং একপর্যায়ে আতিকুল তাকে ধাক্কা ও ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। ইনকিলাবের প্রতিবেদনে লাথির আঘাতে তিনি মাটিতে পড়ে যান বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।