গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। চ্যানেল ২৪ এর তথ্যমতে, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজকের পত্রিকা ও দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট ২৩ সোমবার সন্ধ্যায় জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষ হয়।

বার্তা২৪ ও আজকের পত্রিকার তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের হলে ঘোষেরচর গ্রামের কিছু যুবককে চরমানিকদাহ গ্রামের যুবকেরা মারধর করে। এর ফলে দুই পক্ষের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন।

সংঘর্ষে দুর্বৃত্তরা সড়কের ওপর ককটেল বিস্ফোরণ করে। আজকের পত্রিকা ও দেশ রূপান্তর অনুযায়ী চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে, যার ফলে নয়জন স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। অন্যদিকে বার্তা২৪ ও ঢাকা পোস্ট বলেছে ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে। চ্যানেল ২৪ এর তথ্য অনুযায়ী বিস্ফোরণ হয়েছে ২০টি।

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, দুই পক্ষের মধ্যে গোলমালের খবর পেয়েছেন কিন্তু বিস্তারিত তথ্য জানা নেই। অন্যদিকে বার্তা২৪ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে যায়নি।