ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, পরিবহন মালিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রোববার সকাল থেকে কিশোরগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এই রুটে সব ধরনের বেসরকারি বাস সার্ভিস স্থগিতের ঘোষণা দেয়।
সংগঠনটির নেতাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কিশোরগঞ্জের নবগঠিত কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীদের সেবার মান বাড়াতে পুরোনো বাস সরিয়ে নতুন বাস নামানোর উদ্যোগ নেয়। এ বিষয়ে আলোচনার পর ঢাকার পরিবহন মালিকরাও নীতিগতভাবে একমত হয়েছিলেন।
তবে কিশোরগঞ্জের মালিকেরা চুক্তি অনুযায়ী নিজেদের পুরোনো বাস পরিবর্তন করলেও ঢাকার মালিকেরা তাদের মেয়াদোত্তীর্ণ যানবাহন সরাননি। উল্টো তারা ওই রুটে আরও দুটি পুরোনো বাস যুক্ত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং শনিবার তা তীব্র দ্বন্দ্বে রূপ নেয়।
এই বিরোধের জের ধরে রোববার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বেসরকারি সব বাস চলাচল স্থগিত করে কিশোরগঞ্জের মালিক সমিতি। হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ ও ঢাকার মধ্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন।






