রান্নার কাজে ব্যবহৃত এলপিজির দাম টানা দুই মাসে দুই দফা বাড়ালেও বাজারে শৃঙ্খলা আসেনি। বিইআরসি নির্ধারিত দাম মানছে না বিভিন্ন পর্যায়ের বিক্রেতারা। ক্রেতারা বাধ্য হয়ে বিক্রেতাদের চাওয়া দামেই এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছেন। বিইআরসি তিনটি কোম্পানির বেশি দামে সিলিন্ডারজাত এলপি গ্যাস বিক্রির প্রমাণ পেয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর দেশে সিলিন্ডারজাত এলপি গ্যাসের দাম নিয়ে নৈরাজ্য চলছে। সংকটের অজুহাতে ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ২ হাজার ৭০০ টাকাও নেওয়া হয়েছে। সরকার বিভিন্ন পদক্ষেপের পর দাম কিছুটা কমানো হলেও তা বিইআরসির বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি।

দেড় মাসের বেশি সময় ধরে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি দরে সিলিন্ডারজাত এলপি গ্যাস বিক্রি হচ্ছে। চলতি নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের সরকারনির্ধারিত সর্বোচ্চ মূল্য ২ হাজার ৬০ টাকা, কিন্তু বাজারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর খুচরা বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোম্পানিগুলো কম সরবরাহ করছে বলে দাবি করা হলেও আমদানির পরিমাণ চাহিদার তুলনায় বেশি বা সমপরিমাণ হয়েছে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, তিনটি কোম্পানি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছে বলে প্রমাণ এসেছে।