বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ খেলা হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন।
পুরুষ এককের ফলাফল
পুরুষ এককের ম্যাচে সিলেট জেলার মো. আব্দুল হামিদ লোকমান ২১-৯, ২১-১৪ পয়েন্টে ফেনী জেলার তীর্থঙ্কর হালদারকে পরাজিত করেন। বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণবকে ২১-১১, ২১-১০ পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশ আনসারের মোস্তাফিজুর রহমান। এছাড়া কুমিল্লা জেলার সুলতান আহমেদ ২১-১৭, ২১-১৮ পয়েন্টে রাজশাহী জেলার আসাদুজ্জামান আল গালিব মারুফকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এস এস এম সিফাত উল্লাহ ২১-১৩, ২১-১৩ পয়েন্টে বিকেএসপির মাহিদ খানকে পরাজিত করে জয় তুলে নেন।
পুরুষ দ্বৈতের ফলাফল
পুরুষ দ্বৈত ইভেন্টেও লড়াই ছিল আকর্ষণীয়। কিশোরগঞ্জ জেলার মাহমুদুল হক তাহসিন ও আসাদুজ্জামান নূর তামিম জুটি ২১-৮, ২১-১৫ পয়েন্টে রংপুর জেলার মেহফুজ ও পলাশ জুটিকে হারান। হবিগঞ্জ জেলার ইমন ও স্বপন ২১-৯, ২১-১০ পয়েন্টে ঢাকা জেলার মো: সাজিদ হোসেন ও সাদ আব্দুল্লাহকে পরাজিত করেন। বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণব ও কায়েস মাহমুদ জুটি ২১-৮, ২১-১১ পয়েন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমন্ত সিংহ ও ইয়াকুব শেখকে হারান।
শেরপুর জেলার মো: নাহিদ মিয়া ও মো: নজরুল ইসলাম বিজয় ২১-১৫, ১৮-২১, ২১-১০ পয়েন্টে বাগেরহাট জেলার খন্দকার রিয়াদ ও শেখ মো: গালিবের বিপক্ষে জয়লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো: তামিজিদ ইসলাম ও ইয়ামিন হোসেন তামিম ১৭-২১, ২৪-২২, ২১-১৭ পয়েন্টে ফেনী জেলার জাকরিয়া ও শাহরিয়ার হাজারীকে পরাজিত করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের গোলাম রসুল আবির ও মো: নাঈম হোসেন জুটি ২১-১৭, ২১-১৬ পয়েন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো: সোহান উদ্দিন ও শেখ শাহরিয়ার জয়কে হারান।







