সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ (বাসস) : সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বাসস জানিয়েছে, আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সদস্য আরিফা সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। তবে কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে কাজ করতে দেরি হয়।
প্রতিমন্ত্রী জানান, মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে সেবার মান বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন। এজন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সংসদ সদস্য আরিফা সুলতানার তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী জানান, ভোটার নিবন্ধনকালে ব্যক্তি প্রদত্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ও বায়োমেট্রিক গ্রহণ, যাচাই এবং তথ্য প্রদানকারী কর্তৃক সঠিকতা নিশ্চিত করার পর জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়।
তিনি আরও বলেন, মাধ্যমিক সনদে বর্ণিত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়। তবে শিক্ষাগত যোগ্যতা উর্ধ্ব হতে নিম্নতর এবং মাধ্যমিক সনদে লিপিবদ্ধ নাম, পিতা-মাতার নাম ভিন্নভাবে সংশোধন, জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে ব্যক্তি হলফনামা দাখিল করে থাকেন।
বর্তমানে সংশোধনী আবেদন বাতিলের কারণ নথিতে ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয় উল্লেখ করে তিনি বলেন, আবেদনকারীর মোবাইল ফোনে ‘বাতিল’ এসএমএস প্রেরণ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট নাগরিক তার জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আবেদনের অবস্থা ১০৫-এ কল করে জানতে পারেন।
এছাড়া সংশোধনী আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ আবেদনকারীকে মোবাইল এসএমএস প্রেরণের মাধ্যমে অবহিত করার জন্য সিস্টেম আপগ্রেডেশনের কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।







