আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। তবে দেশ রূপান্তর ও বার্তা২৪-এর প্রতিবেদনে বসতঘরের সংখ্যা পাঁচটি উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতি ৬০ থেকে ৭০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, খবর দেওয়ার পরও এগারগ্রাম এলাকার সড়কের সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়েই তারা রওনা হলেও ভাঙা সেতুর কারণে পৌঁছানো যায়নি। পরে বানারীপাড়ার ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছানো হয়। ততক্ষণে স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।







