ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাত হয়। এ সাক্ষাতে প্রধানমন্ত্রী বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ। তারা মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন।

প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

এসময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।