তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে বলে জানিয়েছে জাতীয় বার্তা সংস্থা বাসস। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আলোচনা অব্যাহত রয়েছে।

আজকের পত্রিকার খবরে বলা হয়, ২৩ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দিনভর তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। তবে ঢাকা ট্রিবিউন বাংলা সভাটি শ্রম ভবনে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মালিকপক্ষের প্রস্তাবিত টাকার অঙ্ক আপাতত প্রকাশ করা হয়নি।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, মজুরি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সাড়ে ১৪ হাজার টাকার প্রস্তাব সংক্রান্ত যে তথ্য এসেছে তা সঠিক নয় এবং অবাস্তব। মজুরি বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

চ্যানেল ২৪ ও আজকের পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার মালিকপক্ষের প্রস্তাবকে ‘অযৌক্তিক ও অপর্যাপ্ত’ হিসেবে মন্তব্য করেছেন। বোর্ডের আগের সভায় শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। একই দিনে সভাস্থলের বাইরে শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করেন।

বাংলা ট্রিবিউন জানায়, এক পক্ষ অন্য পক্ষের প্রস্তাবে সম্মত না হওয়ায় উভয় পক্ষই সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রস্তাব পাওয়ার পর নিম্নতম মজুরি বোর্ড পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।