স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের প্রকৃত সংখ্যা ১৫ লাখ অতিক্রম করেছে। সরকারি নথিতে কম দেখালেও বাস্তবে বেশি।

তিনি উল্লেখ করেছেন যে, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয়, খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার ফলে দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ পড়েছে।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্তের নিরাপত্তা এবং শিবিরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করা জরুরি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত তৎপরতা প্রয়োজন।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর বিশ্ব সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাংলাদেশের দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য প্রশংসা করেন।

সোর্স: দেশ রূপান্তর