ইত্তেফাকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। প্রযুক্তিগত কোনো সমস্যা না থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন মিললে চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বা প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ত্রুটিমুক্ত প্রমাণিত হলে এবং বায়েরার আনুষ্ঠানিক অনুমোদন মিললে এ বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, পরীক্ষামূলক সরবরাহের পর প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়টি চূড়ান্ত হবে।
প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট সরবরাহের পর পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। ইত্তেফাক জানায়, প্রথম ইউনিটের ১ হাজার ২০০ মেগাওয়াট পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, রাশিয়ার কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতায় প্রস্তুত এই কেন্দ্রে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে।







