‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের শিডিউল না দেওয়া ও চুক্তি ভঙ্গের অভিযোগে প্রযোজক শাহরিন আক্তারের পাঠানো আইনি নোটিশের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। সমকালের এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার প্রযোজকের পক্ষ থেকে রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

ইনডিপেনডেন্ট টিভি ও চ্যানেল আইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজের বিরুদ্ধে চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনসহ আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে শরিফুল রাজ জানান, প্রযোজকপক্ষ আসলে কী চায়—টাকা নাকি শিডিউল—তা নিয়ে তিনি বিভ্রান্ত। তিনি মন্তব্য করেন, প্রযোজকপক্ষ টাকা চাইলে তা নিয়ে যেতে পারে, আর শুটিংয়ের শিডিউল চাইলে তিনি তা দিতেও প্রস্তুত আছেন।