কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। বাসস বিদেশ-১০ এ এ তথ্য জানিয়েছে।
গত রোববার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন বলে স্বীকার করেছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক জনমনে আস্থা নষ্ট হয়।
দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসায় এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে। প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই পরীক্ষায় ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভালো চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে ফল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
জালিয়াতির ঘটনা স্বীকারের পর পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হলেও বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায়ের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
সোমবার পার্লামেন্টে পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’ তার এ মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না। পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’ প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।





