ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে যে, ওমানের খাসাব বন্দরের কাছে নৌ-মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, এই জাহাজ দুটি গোপনে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, ট্যাংকারগুলোর পরিচয় অস্পষ্ট ছিল এবং মার্কিন যুদ্ধবিমানের সহায়তায় অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় সেগুলোর নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। জাহাজগুলোর মধ্যে একটি সুপারট্যাংকার ছিল, যাতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর সেটি জ্বলন্ত অবস্থায় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। বিবৃতিতে কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো প্রায়ই এ ধরনের ঘটনাকে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাত হিসেবে উল্লেখ করে থাকে, কিন্তু আইআরজিসির দাবি ও স্বাধীন পর্যবেক্ষণের তথ্যে প্রায়ই ভিন্নতা দেখা যায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধ দেখা দেয়। এই সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।