কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রটির সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে গোলাবিনিময় ঘটে। এতে এক সেনা আহত হন। অভিযানে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও সমকালের প্রতিবেদন অনুযায়ী, এ অভিযানটি রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী গহিন পাহাড়ে অনুষ্ঠিত হয়েছিল। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুকে আটকে রাখা হয়েছিল। অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম ও মো. সাদ্দাম ডাকাত জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার এবং কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস. সাজেদুর রহমান জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।






