রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার দায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকালের মধ্যে পৃথক অভিযানে খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম (৫০), খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহ-সভাপতি আতাউর রহমান (৫৫) এবং নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী মেহেদী মোল্লা (৩৫)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে রফিকুলকে, ওই দিন শেষ রাতে মেহেদীকে এবং শুক্রবার সকালে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।