ইরানের হরমুজ প্রণালি সংলগ্ন কেশম দ্বীপে বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটিকে 'ছোটখাটো হামলা' বলে উল্লেখ করেন বলে বাসস-এর প্রতিবেদনে জানানো হয়েছে। এই ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনী তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বাসস জানায়, নতুন করে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই লাভবান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি উল্লেখ করেন, তেহরান এখনো আলোচনার মাধ্যমে সংঘাত অবসানের চেষ্টা করছে এবং ইরানের সর্বোচ্চ নেতা পূর্বে অলোচনার বাইরে থাকা বিষয়গুলোতেও আলোচনার জন্য সরকারকে নতুন ক্ষমতা দিয়েছেন। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ জানান, ইরান আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত।
সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় দোহায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, ওয়াশিংটন দীর্ঘদিনের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সমঝোতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে দেশ রূপান্তর ও আজকের পত্রিকার খবর অনুযায়ী, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলে ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের কাছে স্বীকার করেছেন ট্রাম্প। তবে নিজের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন তিনি। ওয়াশিংটনের নির্বাচনী ফলাফলের পর ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ মার্কিন জনগণের 'যুদ্ধবিরোধী' বার্তাকে স্বাগত জানান।







