ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।

এদিন ইস্তাম্বুলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এরপরই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসে। চ্যানেল ২৪-এর খবর অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে এই বৈঠক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

এক্সে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এরদোয়ান কাতারের আমিরকে বলেছেন, উপসাগরীয় আরব অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এছাড়া সংলাপের ভিত্তি স্থাপন এবং শান্তি অর্জনে কাজ করে যাবে। দপ্তরটি আরও উল্লেখ করেছে, এই চুক্তি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। তবে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।