ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করেছেন ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীরা। গত ২৫ অক্টোবর (রবিবার) ঘটা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। ঢাকা পোস্ট জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি ঢাকা পোস্টকে জানান, শাহেদ আগে কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন, বর্তমানে তার কোনো দলীয় পদ-পদবি নেই। অবশ্য দেশ রূপান্তরের প্রতিবেদনে শাহেদকে ওই কলেজের ২য় বর্ষ ছাত্রদলের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিবাদের জেরে জুয়েল চিকিৎসা নিতে হাসপাতালে এলে প্রাঙ্গণেই তার ওপর হামলা হয়। আত্মরক্ষার্থে জুয়েল জরুরি বিভাগে আশ্রয় নিলে শাহেদ ও তার অনুসারীরা ভেতরে ঢুকে চেয়ার, কিল-ঘুষি ও লাথি দিয়ে তাকে রক্তাক্ত করে। বাংলা ট্রিবিউন ও দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি রবিবার রাতে ঘটে, তবে ঢাকা পোস্টে বিকেলে মোবাইল কেনাবেচা সংক্রান্ত বিবাদের কথা উল্লেখ করা হয়েছে। ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানান, সিসিটিভি ক্যামেরায় হামলার চিত্র ধারণ হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।