পটুয়াখালীর দশমিনা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশমিনা থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে থানা-পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল। ওই মামলার এজাহারে উল্লেখিত অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তের ভিত্তিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার কাটাখালী এলাকার হারুন আকনের ছেলে মো. আরিফ আকন (২৫), দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মনির হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৩) এবং গছানী এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ আকন ও আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাইফুল ইসলাম বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর সহ-সভাপতি।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বাসসকে জানান, মামলার তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।







