ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঢাকা পোস্টকে জানান, মহসিনের বিরুদ্ধে সাত থেকে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আগ্রাবাদে তাঁর অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মহসিনকে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ঢাকা পোস্ট জানিয়েছে, ১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন সাদ-মুসা গ্রুপ প্রতিষ্ঠা করেন। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটি আলোচনায় আসে।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় ব্যাংকের পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। ওই দিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সে সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া, ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সর্বশেষ ২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।