সমকালের প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও এলাকায় সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় আহতদের মধ্যে নাইমুল হাসান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৯টার দিকে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা মেশিনে বিস্ফোরণ ঘটে। দগ্ধ নাইমুল হাসান কারখানার যান্ত্রিক বিভাগের ফায়ার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি ভিন্ন। সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







