প্রথম আলো জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি সরকার এখন বৈদেশিক মুদ্রায় ঋণ পেতে অন্যান্য বিকল্প পথও খুঁজছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মার্কিন ডলার ও ইউরোয় বন্ড ছাড়ার পাশাপাশি জাপানি ইয়েনে সামুরাই বন্ড ও চীনা মুদ্রা ইউয়ানে পান্ডা বন্ড ছাড়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। বিদেশি ঋণের উৎস বৃদ্ধি ও অর্থায়নের বিকল্প তৈরি করতে বন্ড ছেড়ে সব মিলিয়ে ১০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্য পূরণে লন্ডন, নিউইয়র্ক ও হংকংয়ের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা বা রোড শো আয়োজনের ইচ্ছা রয়েছে সরকারের। বন্ড ছাড়ার ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগান এবং হংকংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ব্রিজওয়ার্কস ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার ১৫-১৬ নভেম্বর কক্সবাজারে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ঋণবিষয়ক সম্মেলনের আয়োজন করছে। ‘পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক এ সম্মেলনে অংশ নিতে ৩০টি দেশের ১০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেছেন, অর্থায়নের বিকল্প উৎসের সন্ধানে সরকার চেষ্টা করতেই পারে। তবে দেখতে হবে যে বন্ড ছেড়ে সংগ্রহ করা অর্থ দিয়ে কী করা হচ্ছে। বাণিজ্যিকভাবে লাভজনক নয় এমন প্রকল্পে অর্থ খরচ করলে ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।