দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে ভারতের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে চ্যানেল ২৪-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভারতের হায়দরাবাদে পৌঁছান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রোড শো শেষে এক সমাবেশে তিনি বক্তব্য দেন। এতে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অভিযোগ তোলেন, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করছেন। এ সময় বছরে ৩-৪ মাস বিদেশে কাটানো রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলেও মন্তব্য করেন অমিত শাহ।
একই দিনে কলকাতায় বিজেপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সমকাল ও ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকা কাঁধে নিয়ে কলেজ স্ট্রিট থেকে শুরু করে চার কিলোমিটার পথ অতিক্রম করে ধর্মতলায় শেষ হওয়া এই পদযাত্রায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য অংশ নেন।
অন্যদিকে, হিমাচল প্রদেশের শিমলায় আয়োজিত কর্মসূচিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বক্তব্য দেন। সেখানে তিনি রামলীলা ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারে বিরুদ্ধে বক্তব্য দেওয়া রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন এবং তাকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো বিতর্কিত মন্তব্য করেন বলে সমকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, দিল্লির কর্ণাট প্লেস থেকে পদযাত্রা শেষে রামলীলা ময়দানে ‘মোদি হটাও, জ্ঞানেশ কুমার হটাও’ স্লোগানে মহাসমাবেশ করেছিল বিরোধী ইন্ডিয়া জোট।







