আজকের পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে, কৃষকের ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে সরকারের নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ ডিলার নিয়োগ পেয়েছেন দলীয় পরিচয়ে। এমনকি বিএনপি নেতার বয়স্ক মা, স্ত্রী এবং কৃষি কর্মকর্তার বাবাকেও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও বঞ্চিত আবেদনকারীরা। তারা দাবি করেছেন, এমপির আত্মীয়স্বজনরা ডিলারশিপ পেয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেছেন, শতভাগ নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তবে কৃষিমন্ত্রী জানিয়েছেন, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ডিলারশিপ পরিবর্তন করা হবে। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের অনেকেরই সার বিক্রির অভিজ্ঞতা বা নিজস্ব গুদাম নেই বলে অভিযোগ।

সংসদীয় স্থায়ী কমিটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযোগ ওঠা এলাকাগুলোতে নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলা হয়েছে, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অযোগ্যদের ডিলারশিপ বাতিল করতে হবে এবং বিএডিসি ও বিসিআইসি-র মাধ্যমে সারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে।